জুস ও কোমল পানীয়সহ প্রক্রিয়াজাত ৩২ খাবারের ৩১টিতেই মাত্রাতিরিক্ত ভারী ধাতু, ঝুঁকিতে শিশুরা

বিস্কুট, ব্রেড, কেক, চকলেট, চানাচুর, হরলিক্স, আইসক্রিম, জুস ও কোমল পানীয়সহ বাজারের ৩২ ধরনের প্রক্রিয়াজাত খাবার পরীক্ষা করে ৩১টিতেই গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি ভারী ধাতুর উপস্থিতি পেয়েছেন গবেষকরা। এসব খাবারে সিসা, ক্রোমিয়াম, নিকেল ও কপারের মাত্রা বেশি পাওয়া গেছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকদের পরিচালিত এ গবেষণা গত ২২ আগস্ট আন্তর্জাতিক জার্নাল Journal of Food Composition and Analysis-এ প্রকাশিত হয়। গবেষকদের দাবি, বাংলাদেশে প্রক্রিয়াজাত খাবারে ছয় ধরনের ভারী ধাতুর উপস্থিতি ও সংশ্লিষ্ট স্বাস্থ্যঝুঁকি নিয়ে এটি প্রথম পদ্ধতিগত মূল্যায়ন।

গবেষণায় সিসা, ক্যাডমিয়াম, আর্সেনিক, ক্রোমিয়াম, কপার ও নিকেল পরীক্ষা করা হয়। তবে কোনো নমুনায় ক্যাডমিয়াম ও আর্সেনিক পাওয়া যায়নি। সবচেয়ে বেশি ক্রোমিয়াম ও সিসা পাওয়া গেছে ক্রিম রোল ও মিল্ক চকলেটে। ক্রিম রোলে প্রতি কেজিতে ক্রোমিয়াম ৩৫.৩৯ মিলিগ্রাম ও সিসা ৩৫.৭০ মিলিগ্রাম এবং মিল্ক চকলেটে যথাক্রমে ২৬.৬৭ ও ২৯.৪৯ মিলিগ্রাম পাওয়া গেছে।

গবেষণায় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ৯টি পণ্যে এবং শিশুদের ক্ষেত্রে ৩১টি পণ্যেই হ্যাজার্ড ইনডেক্স (এইচআই) একের বেশি পাওয়া গেছে। অর্থাৎ শিশুদের জন্য সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি তুলনামূলকভাবে বেশি। গবেষকদের মতে, কম শরীরের ওজনের কারণে একই পরিমাণ খাবার গ্রহণে শিশুদের শরীরে প্রতি কেজি ওজনে ভারী ধাতুর গ্রহণের মাত্রা বেড়ে যায়।

গবেষকরা কনফেকশনারি, ক্রিমযুক্ত বেকারি পণ্য, চকলেট ও পানীয়কে অগ্রাধিকার দিয়ে অন্তত প্রতি তিন মাসে একবার ভারী ধাতু পরীক্ষা করার সুপারিশ করেছেন। পাশাপাশি ক্রোমিয়াম ও নিকেলের জন্য পণ্যভিত্তিক আইনগত সীমা নির্ধারণ এবং প্রি-মার্কেট সার্টিফিকেশনে ভারী ধাতু পরীক্ষা অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন।

তবে গবেষণাটি মাত্র ৩২টি পণ্যের নমুনার ওপর ভিত্তি করে হওয়ায় এর ফলাফল দেশের সব প্রক্রিয়াজাত খাবারের ক্ষেত্রে সরাসরি প্রযোজ্য নয় বলে গবেষণায় সীমাবদ্ধতা উল্লেখ করা হয়েছে। গবেষকদের মতে, নিয়মিত প্রক্রিয়াজাত খাবার গ্রহণের মাধ্যমে বিশেষ করে শিশুদের ভারী ধাতুর সংস্পর্শের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিয়মিত নজরদারি ও কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ