ঠাকুরগাঁওয়ে স্কুলের মিড ডে মিল খেয়ে ৩০ শিক্ষার্থী হাসপাতালে, কর্তৃপক্ষের টনক নড়বে কবে?

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী। অসুস্থ শিক্ষার্থীদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছে।

সোমবার দুপুরে উপজেলার মধুপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল খাওয়ার পর শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে তাদের মধ্যে ৩০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অসুস্থ শিক্ষার্থীরা জানায়, মিড ডে মিলের দুধ খাওয়ার পর তাদের পেট ব্যথা শুরু হয়। একে একে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকলে অভিভাবক ও শিক্ষকরা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যান।

বালিয়াডাঙ্গী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায় বলেন, ‘অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা চলমান। বিষয়টি খতিয়ে দেখছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জানুয়ারিতে চালু হয় মিড ডে মিল

জানা গেছে, ঠাকুরগাঁওয়ের সাতটি উপজেলার মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে গত জানুয়ারি মাসে মিড ডে মিল চালু হয়। উপজেলার ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সপ্তাহে পাঁচ দিন বিভিন্ন খাবার সরবরাহ করা হচ্ছে।

রবিবার ডিম ও পাউরুটি, সোমবার দুধ ও পাউরুটি, মঙ্গলবার কলা ও বিস্কুট, বুধবার ডিম ও পাউরুটি এবং বৃহস্পতিবার ডিম ও পাউরুটি দেওয়া হয়।

ডিম, পাউরুটি ও কলা সরবরাহ করে স্থানীয় সংস্থা ইএসডিও। দুধ সরবরাহ করে আরডি নামে আরেকটি সংস্থা। এছাড়া বিস্কুট সরবরাহ করে প্রাণ কোম্পানি।

সূত্র: ইনডিপেনডেন্ট টেলিভিশন

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ