ডিম, মুরগি-সবজি ও গ্যাস সিলিন্ডারের বাজারে বিশেষ অভিযান, ৭৪ প্রতিষ্ঠানকে ৬ লক্ষাধিক টাকা জরিমানা

ঢাকা মহানগরসহ দেশের ২৮ জেলায় ডিম, মুরগি, সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার এবং গ্যাস সিলিন্ডার বিক্রিতে বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (২০ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে ৭৪টি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অধিদপ্তরের ৩৯টি দল এসব তদারকি কার্যক্রম পরিচালনা করে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখা, অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও অতিরিক্ত মূল্য আদায় বন্ধ, সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদানের বিষয়গুলোতে নজরদারি করা হয়।

২৮ জেলায় ৩৯ দলের অভিযান

অধিদপ্তর জানিয়েছে, ঢাকা মহানগরসহ দেশের ২৮টি জেলায় ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ে এ বিশেষ তদারকি চালানো হয়। এ সময় ৭৪টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের কারণে ৬ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করতে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বাজার ব্যবস্থাপনা ও পণ্য বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনাও দেয়া হয়েছে।

ব্যবসায়ীদের যেসব নির্দেশনা

অধিদপ্তরের পক্ষ থেকে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে সিলিন্ডার বিক্রির নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে সিলিন্ডার সংরক্ষণ, পরিবহন ও বিক্রির ক্ষেত্রে নির্ধারিত নিরাপত্তাবিধি মেনে চলতে বলা হয়েছে।

মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রি থেকে বিরত থাকার পাশাপাশি ডিমসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের যৌক্তিক ও ন্যায্য মূল্য নির্ধারণের নির্দেশনা দেয়া হয়েছে।

ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে হালনাগাদ ও সঠিক মূল্যতালিকা প্রদর্শন, কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিক মজুদ না করা এবং সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি থেকে বিরত থাকারও নির্দেশ দেয়া হয়েছে।

পণ্য ক্রয়-বিক্রয়ের সময় রশিদ সংরক্ষণ ও ক্রেতাকে তা দেয়ার বিষয়েও গুরুত্বারোপ করেছে অধিদপ্তর।

ভোক্তাদের প্রতি আহ্বান

গ্যাস সিলিন্ডার কেনার সময় ওজন, সিল এবং দৃশ্যমান কোনো ত্রুটি রয়েছে কিনা তা যাচাই করে নিতে ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছে অধিদপ্তর। একই সঙ্গে পণ্য কেনার আগে হালনাগাদ মূল্যতালিকা যাচাই করার পরামর্শ দেয়া হয়েছে।

মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার না কেনা এবং প্রতিটি পণ্য কেনার সময় বিক্রেতার কাছ থেকে ক্রয় ভাউচার বা রশিদ সংগ্রহ করতে বলা হয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম না দেয়ার জন্যও ভোক্তাদের সতর্ক করা হয়েছে।

কোনো অনিয়ম চোখে পড়লে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও গ্যাস সিলিন্ডারের বাজারে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ