ভোক্তা অধিকার আইন নিয়ে সাংবাদিকদের সঙ্গে অধিদপ্তরের কর্মশালা

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত কর্মশালায় জাতীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রায় ৪৪ জন গণমাধ্যমকর্মী অংশ নেন। এতে প্রধান আলোচক ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. জহিরুল ইসলাম। জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালের শুরুতে অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) আতিয়া সুলতানা বলেন, ভোক্তাদের আইনগত অধিকার, অভিযোগ দায়েরের পদ্ধতি ও অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে সচেতন করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

কর্মশালায় ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়। পরে মুক্ত আলোচনায় বাজার অভিযান, নিত্যপণ্যের মূল্য, ভেজালবিরোধী কার্যক্রম, অনলাইন প্রতারণা ও ই-কমার্স সংক্রান্ত অভিযোগ, জনবল সংকট, ডিজিটাল অভিযোগ পদ্ধতি এবং প্রস্তাবিত আইন সংশোধন নিয়ে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেন। মহাপরিচালক এসব প্রশ্নের উত্তর দেন।

ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া একই অপরাধ বারবার হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল আইন আরও কার্যকর করার পাশাপাশি ডিজিটাল ও অনলাইন প্রতারণা মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন। জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ বাজার তদারকি জোরদার, চাঁদাবাজি বন্ধ এবং সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেন।

মহাপরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; এর পাশাপাশি দায়িত্বশীল আচরণ ও মূল্যবোধের ইতিবাচক পরিবর্তন প্রয়োজন। নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

তিনি যেকোনো অনিয়মের বিষয়ে বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

শেষে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সেবাস্টিন রেমা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ