
মৌলভীবাজারের রাজনগর উপজেলার আখরাঘাট বাজারে নিরাপদ খাদ্যবিষয়ক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাইড্রোজ মজুদ ও বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জেলা প্রশাসন, মৌলভীবাজার ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিস। সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন।
অভিযানে আখরাঘাট বাজারের প্রীতম ট্রেডার্স নামের প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযানসংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠানটি কোনো লাইসেন্স বা অনুমোদন ছাড়াই ব্যবসা পরিচালনা করছিল। এছাড়া জিরা, গুঁড়া দুধ, কালোজিরাসহ বিভিন্ন মসলা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া প্যাকেটজাত করে বিক্রি করা হচ্ছিল।
এ ছাড়া মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর হাইড্রোজ মজুদ ও বিক্রিরও প্রমাণ পাওয়া যায়।
অভিযানে বাংলাদেশ পুলিশের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে।
জনস্বার্থে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
