
ভোজ্যতেল, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি এবং সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে ঢাকা মহানগরসহ দেশের ২৮ জেলায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অধিদপ্তরের ৪১টি টিম আড়ত, পাইকারি ও খুচরা পর্যায়ে এসব অভিযান পরিচালনা করে।
অভিযানে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান, অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও অতিরিক্ত মূল্য আদায় প্রতিরোধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়গুলো তদারকি করা হয়।
অধিদপ্তর জানিয়েছে, ৪১টি টিমের অভিযানে ৭০টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির জন্য ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
ব্যবসায়ীদের প্রতি অধিদপ্তরের নির্দেশনা
ভোজ্যতেল, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের যৌক্তিক ও ন্যায্য মূল্য নির্ধারণ, সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রি থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের বেশি না নেওয়া, কৃত্রিম সংকট সৃষ্টি ও অযৌক্তিক মজুদ থেকে বিরত থাকা, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
পণ্য ক্রয়-বিক্রয়ের সময় রশিদ সংরক্ষণ ও ক্রেতাকে তা দেওয়ার বিষয়েও ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
ভোক্তাদের প্রতি আহ্বান
গ্যাস সিলিন্ডার কেনার সময় ওজন, সিল ও দৃশ্যমান ত্রুটি পরীক্ষা করে নেওয়ার আহ্বান জানিয়েছে অধিদপ্তর। একই সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনা, কেনার আগে মূল্যতালিকা যাচাই এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করে পণ্য কেনার পরামর্শ দেওয়া হয়েছে।
পণ্য কেনার সময় সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে কেনার পাশাপাশি বিক্রেতার কাছ থেকে ক্রয় ভাউচার সংগ্রহ করতে বলা হয়েছে।
কোনো ভোক্তা পণ্য কিনে প্রতারিত হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬১২১-এ অভিযোগ জানাতে পারবেন।
জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
