
ফুটপাত ও ভাসমান খাদ্য বিক্রেতাদের এখনই বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন বা লাইসেন্স নিতে হচ্ছে না। এ ধরনের ব্যবসায়ীদের রেজিস্ট্রেশনের আওতায় আনার বিষয়ে এখনো সরকারের নীতিগত সিদ্ধান্ত হয়নি। তাঁদের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ ও নীতিমালা প্রণয়ন করা হলে পরবর্তী সময়ে রেজিস্ট্রেশনের সুযোগ তৈরি হতে পারে।
এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ফুটপাতের ভাসমান খাদ্য ব্যবসায়ী বা হকারদের রেজিস্ট্রেশন দিলে সেটি ফুটপাত কিংবা রাস্তা দখল করে ব্যবসা করার বৈধ স্বীকৃতি হিসেবে বিবেচিত হতে পারে। সরকার যেখানে ফুটপাত দখল করে ব্যবসা করার অনুমোদন দেয় না, সেখানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে তাঁদের রেজিস্ট্রেশন দেওয়া সম্ভব নয়।
শফিকুল ইসলাম বলেন, রেজিস্ট্রেশনের নির্ধারিত আবেদন ফরমে ব্যবসার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানার তথ্য দিতে হয়। যাঁদের নির্দিষ্ট ব্যবসায়িক ঠিকানা নেই, তাঁদের রেজিস্ট্রেশন বা লাইসেন্স দেওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, হকার ও ভাসমান খাদ্য ব্যবসায়ীদের জন্য সরকারকে আগে নির্দিষ্ট এলাকা বা জোন তৈরি করে দিতে হবে। তাঁদের একটি নীতিমালার আওতায় আনতে হবে। সরকার পুনর্বাসনের ব্যবস্থা করে নির্দিষ্ট জায়গায় ব্যবসার সুযোগ দিলে তখন তাঁদের রেজিস্ট্রেশন দেওয়া সম্ভব হবে। এর আগে আইনগতভাবে এ ধরনের রেজিস্ট্রেশন বা লাইসেন্স দেওয়ার সুযোগ নেই।
যে কারণে বিভ্রান্তি
গত ১৬ জুলাই বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ‘নিরাপদ খাদ্য (রেজিস্ট্রেশন ও লাইসেন্স) প্রবিধানমালা, ২০২৬’-এর প্রজ্ঞাপন জারি করে। এতে বিভিন্ন ধরনের খাদ্য ব্যবসাকে ১৬টি শ্রেণিতে ভাগ করে রেজিস্ট্রেশন ও লাইসেন্সের আওতায় আনার কথা বলা হয়েছে।
প্রবিধানমালার প্রথম শ্রেণিতে সরাসরি খাওয়ার উপযোগী খাবার প্রস্তুতকারী ও পরিবেশনকারী ব্যবসার কথা উল্লেখ রয়েছে। এর মধ্যে বেকারি, ফলের রস, পানীয়, পিঠা, পুলি, পুরি, পেঁয়াজু, ফাস্টফুড ও খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসা অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই শ্রেণির বিবরণের সঙ্গে ভাসমান খাদ্য বিক্রেতাদেরও অন্তর্ভুক্ত করে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ফলে ফুটপাতের হকারদেরও এখনই বাধ্যতামূলক রেজিস্ট্রেশন নিতে হবে, এমন ধারণা তৈরি হয়।
তবে এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, ফুটপাতের অবৈধ দখলদারকে রেজিস্ট্রেশন দিয়ে বৈধতা দেওয়া সম্ভব নয়। ভ্যানগাড়িতে রাস্তা দখল করে যাঁরা খাবার বিক্রি করছেন, তাঁদের লাইসেন্স দেওয়া হলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠতে পারে।
তিনি বলেন, এ বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত আসেনি। সরকার তাঁদের জন্য নির্দিষ্ট স্থান ও নীতিমালা তৈরি করলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ নিতে পারবে।
নভেম্বর থেকে শুরু রেজিস্ট্রেশন কার্যক্রম
নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন শ্রেণির খাদ্য ব্যবসায়ীদের রেজিস্ট্রেশন ও লাইসেন্স দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে। সীমিত জনবল নিয়েই বড় পরিসরের এ কার্যক্রম পরিচালনা করবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
সরকারের লক্ষ্যমাত্রা, দেশের প্রায় সাড়ে চার লাখ খাদ্য ব্যবসায়ীকে একটি নিয়ন্ত্রিত ব্যবস্থার আওতায় নিয়ে আসা।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, অনলাইনে রেজিস্ট্রেশন ও লাইসেন্স কার্যক্রম পরিচালনার কথা থাকলেও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আপাতত সরাসরি আবেদন গ্রহণ করা হবে। অর্থাৎ, নির্ধারিত আবেদন ফরমের মাধ্যমে জেলা পর্যায়ে এ কার্যক্রম শুরু হচ্ছে।
নতুন এ ব্যবস্থার মাধ্যমে খাদ্য ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় আনার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে ফুটপাত ও ভাসমান খাদ্য বিক্রেতাদের অন্তর্ভুক্তির বিষয়টি নির্ভর করছে সরকারের পরবর্তী নীতিগত সিদ্ধান্তের ওপর।
সূত্র: ধারা নিউজ
