
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে আবাসিক হলগুলোর ডাইনিং ও ক্যান্টিনে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল থেকে কর্মসূচির উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলামের উদ্যোগে এবং সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠুর তত্ত্বাবধানে এ কর্মসূচি পরিচালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ১১টি আবাসিক হল ও কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় খাদ্য নিরাপত্তা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক ফেস্টুন টানানো হয়। একই সঙ্গে ডাইনিং ও ক্যান্টিনের খাদ্যকর্মীদের মাঝে সেফটি কিট বিতরণ করা হয় এবং শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য গ্রহণের বিষয়ে সচেতন করা হয়। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে মেয়েদের আবাসিক হলগুলোতেও একই ধরনের কর্মসূচি পরিচালনা করা হবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম বলেন, ফুড পয়জনিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্যতম বড় স্বাস্থ্যঝুঁকি। তাই খাদ্যকর্মীদের সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যবিধি মেনে খাদ্য প্রস্তুত এবং সেফটি কিট বিতরণের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করার উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু বলেন, আবাসিক হলগুলোর খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে শিক্ষার্থী এবং খাদ্যকর্মীদের বিভিন্ন সমস্যা আমাদের নজরে এসেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এসব সমস্যার টেকসই সমাধান ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমরা কাজ করব।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই আবাসিক হলগুলোর ডাইনিং ও ক্যান্টিনের খাবারের মান, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে। সেই প্রেক্ষাপটেই শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সূত্র: দৈনিক ইনকিলাব
