সিলেটে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সুপারশপ ও ভ্যারাইটি স্টোরগুলোকে নিষিদ্ধ খাদ্যপণ্য ‘ইস্ট বেকার’ মজুত ও বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়, সিলেটের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শেখর কান্তি পাল, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. রমজান আলী এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযান চলাকালে নূরানী রেস্টুরেন্ট অ্যান্ড আখনী হাউজ-এ অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন এবং ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেসার্স আলীম ভান্ডার-এ মূল্যতালিকা প্রদর্শন না করায় একই আইনের ৩৮ ধারায় ২ হাজার টাকা এবং হাজী জামাল স্টোর-এ মেয়াদোত্তীর্ণ সফট ড্রিংকস সংরক্ষণ ও বিক্রি এবং লেবেলবিহীন খাদ্যপণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে বাজারের সুপারশপ ও ভ্যারাইটি স্টোরগুলোকে নিষিদ্ধ ঘোষিত ‘ইস্ট বেকার’ পণ্য মজুত ও বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

সূত্র: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ