নরসিংদীতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, লাখ টাকা জরিমানা

নরসিংদী সদর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিভিন্ন স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে দুটি মিষ্টির দোকানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন।

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়, নরসিংদী এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সদর উপজেলা মোড় এলাকায় মাতৃ মিষ্টান্ন ভান্ডার ও নিউ রমেশ পোদ্দার সুইটমিট-এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে মাতৃ মিষ্টান্ন ভান্ডার-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, খাদ্যকর্মীদের স্বাস্থ্যসম্মত পোশাক পরিধান না করা, মিষ্টিতে পোকামাকড়ের উপস্থিতি এবং পোড়া তেল ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়।

এদিকে নিউ রমেশ পোদ্দার সুইটমিট-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি অনুসরণ না করা, খাদ্যপণ্য ও রান্নাঘরে পোকামাকড়ের উপস্থিতি এবং কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ করতে দেখা যায়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্টে নরসিংদীর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিরাপদ খাদ্য কর্মকর্তা, নরসিংদী থানা পুলিশের একটি দল এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ