
সিলেট মেট্রোপলিটন এলাকার তেলিবাজার বাইপাসসংলগ্ন ‘সুমন ফুড প্রোডাক্টস’ নামের প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য আইন-২০১৩-এর ৩৯ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এ অর্থদণ্ড দেওয়া হয়।
বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটের সহকারী কমিশনার মো. পারভেজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রতিষ্ঠানটিতে চিপস উৎপাদনে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি পাওয়া যায়। এর মধ্যে পোড়া তেল ব্যবহার, চিপস তৈরিতে নিম্নমানের বিট লবণ ব্যবহার এবং খোলা বস্তায় অস্বাস্থ্যকর পরিবেশে লবণ সংরক্ষণের বিষয়টি উঠে আসে।
এ ছাড়া নোংরা পরিবেশে বিপুল পরিমাণ চিপস নকল লেবেলিংয়ের মাধ্যমে প্রস্তুত ও বাজারজাত করা হচ্ছিল। খাদ্যস্থাপনার ভেতরের পরিবেশও অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদনপত্রও ছিল না।
অভিযানে আরও দেখা যায়, খাদ্যকর্মীরা সরাসরি খালি হাতে চিপস প্যাকেটজাত করছিলেন। তাদের হাতের নখও লম্বা ও অপরিষ্কার ছিল। পাশাপাশি খাদ্যপণ্য সরাসরি মেঝেতে সংরক্ষণ করতে দেখা যায়।
এসব অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইন-২০১৩-এর ৩৯ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে নগদ এক লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং জরিমানার অর্থ আদায় করা হয়।
সিলেট মেট্রোপলিটন নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেনের সার্বিক সমন্বয়ে পরিচালিত এ মোবাইল কোর্টে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সিলেট মেট্রোপলিটন ও পুলিশের একটি দল উপস্থিত ছিল।
সূত্র: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
