অপরিষ্কার রান্নাঘর-খাদ্য সংরক্ষণে অনিয়ম, আবেশ হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

ঢাকার চিড়িয়াখানা রোডে অবস্থিত আবেশ হোটেল (শাখা-৩)-এ মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

২৮ জুলাই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে ২/ডি, প্লট-৭৬, চিড়িয়াখানা রোডে অবস্থিত আবেশ হোটেল শাখা-৩-এ এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দেখা যায়, রেস্টুরেন্টটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার পরিবেশে পরিচালিত হচ্ছিল। রান্নাঘরে ময়লা-আবর্জনা খোলা অবস্থায় পড়ে ছিল। রান্না করা খাবারের নিচেই ব্যবহৃত স্যান্ডেল সংরক্ষণ করা হয়েছিল। এছাড়া কোনো ধরনের লেবেল ছাড়াই একই বস্তায় ভুড়ি ও কলিজা সংরক্ষণ করা হচ্ছিল। লবণও অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে রাখা ছিল। কর্মচারীদের কাউকেই প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করতে দেখা যায়নি। একই সঙ্গে কর্তৃপক্ষের কাছে রেস্তোরাঁর নিবন্ধন সনদও প্রদর্শন করতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি।

এসব অপরাধে প্রতিষ্ঠানের দায় স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী আবেশ হোটেলকে ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঢাকা মেট্রোপলিটন কার্যালয়ের মনিটরিং অফিসার মো. আসলাম উদ্দিন, নিরাপদ খাদ্য কর্মকর্তা জবান মেহরিন যারীন তাসনিম, কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল অংশ নেয়।

সূত্র: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ