ঈশ্বরদীতে ‘পাবনা দই ঘর’-এ অভিযান, লাখ টাকা জরিমানা

পাবনার ঈশ্বরদী উপজেলায় দই, ঘি ও অন্যান্য মিষ্টান্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘পাবনা দই ঘর’-এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণ, প্রস্তুতকৃত খাবার খোলা অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে রাখা, পোড়া তেল ব্যবহার, নিবন্ধন ছাড়া ঘি উৎপাদন ও বিক্রি এবং লেবেলবিহীন পণ্য প্রস্তুত ও বাজারজাতকরণসহ নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর পরিপন্থী বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে সব অনিয়ম সংশোধনের জন্য এক মাস সময় দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না করার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার। অভিযানের সার্বিক সমন্বয় করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পাবনা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা শামীম আহমেদ। অভিযানে সহযোগিতা করেন ঈশ্বরদী উপজেলা ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও আবু কায়সার। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা ও অভিযানের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।

সূত্র: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ