
রাজধানীর আদাবরে বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়াই বিভিন্ন বিদেশি কসমেটিকস বিক্রি ও বিতরণের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রোববার (২ আগস্ট) বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃত্বে ঢাকা মহানগরীর আদাবর এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১১ (এপিবিএন)-এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে আদাবরের বাইতুল আমান হাউজিংয়ের ৩২৪ নম্বর বাড়ি, ৩ নম্বর সড়কে অবস্থিত ‘ওজেরিও ডট কম’ প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের বাধ্যতামূলক ছাড়পত্র ছাড়াই বিভিন্ন বিদেশি কসমেটিকস, যেমন- শ্যাম্পু, স্কিন ক্রিম, স্কিন লোশন ও ফেসওয়াশ বিক্রি ও বিতরণের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
বিএসটিআই জানায়, জনস্বাস্থ্যের সুরক্ষা এবং ভোক্তারা যাতে আসল ও মানসম্মত পণ্য পান, তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ঢাকা ফিল্ড অফিসের (সিএম) ফিল্ড অফিসার মো. তারেক রহমান এবং পরীক্ষক (মেট্রোলজি, ভৌত) কৌশিক দাস দুর্জয়।
সূত্র: বিএসটিআই
