লেবেলবিহীন দই-মাঠা বিক্রি, অলিম্পিয়া সুইটসকে জরিমানা

বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই মিষ্টি উৎপাদন ও বিক্রি এবং লেবেলবিহীন দই ও মাঠা বাজারজাত করার অভিযোগে রাজশাহীর একটি মিষ্টির প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে নগরীর হড়গ্রাম বাজার এলাকার অলিম্পিয়া সুইটস-এ বিএসটিআইয়ের বাধ্যতামূলক গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই সুইটমিট (মিষ্টি) উৎপাদন ও বিক্রি-বিতরণের প্রমাণ পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটির ফার্মেন্টেড মিল্ক (দই ও মাঠা) পণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্যসম্বলিত কোনো লেবেল পাওয়া যায়নি। এসব অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করেন।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সূত্র: বিএসটিআই

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ