
বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। শুক্রবার (৭ আগস্ট) ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হাইকমিশন জানিয়েছে, পাকিস্তানের বাজারে বাংলাদেশের আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। দেশটিতে বাংলাদেশি আনারস রপ্তানির সুযোগ তৈরি হওয়ায় দুই দেশের মধ্যে অন্যান্য কৃষিপণ্য ও ফলের আমদানি-রপ্তানি সম্প্রসারণের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে পাকিস্তানে আনারস রপ্তানির এ সুযোগ তৈরির পেছনে কয়েক বছর ধরে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে ধারাবাহিক যোগাযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ভূমিকা রেখেছে।
এ বিষয়ে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন, করাচির উপহাইকমিশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের নিয়মিত যোগাযোগ ছিল। কয়েক বছরের ধারাবাহিক প্রচেষ্টার পর বাংলাদেশি আনারস পাকিস্তানে রপ্তানির এ সুযোগ তৈরি হয়েছে।
