চাটমোহরে ভেজাল দুধ তৈরির অভিযোগ, ২০ হাজার টাকা জরিমানা

গোলাম রাব্বি, চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী গ্রামে ভেজাল দুধ তৈরির অভিযোগে মো. কমল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

শুক্রবার রাত ৮টার দিকে বোয়ালমারী গ্রামে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ।

জানা গেছে, দণ্ডপ্রাপ্ত কমল হোসেন বোয়ালমারী গ্রামের বাসিন্দা। তিনি ময়নুল প্রামাণিকের ছেলে।

অভিযানের সময় ভেজাল দুধ তৈরিতে ব্যবহৃত কস্টিক সোডা, জেল, সয়াবিন তেল ও ব্লেন্ডার মোটরসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

ভেজাল খাদ্য উৎপাদনের অভিযোগে দেওয়া জরিমানার পরিমাণ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধি বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাদের মতে, কঠোর ব্যবস্থা নেওয়া হলে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে তা কার্যকর ভূমিকা রাখবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ