দেশজুড়ে অভিযান: ১৩১ প্রতিষ্ঠানকে ৮ লক্ষাধিক টাকা জরিমানা

ঢাকা মহানগরসহ দেশের ৪২টি জেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রমে ১৩১টি প্রতিষ্ঠানকে মোট ৮ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) অধিদপ্তরের ২৭৩টি টিম এসব তদারকি কার্যক্রম পরিচালনা করে। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন, ওজন ও পরিমাপে কারচুপি প্রতিরোধ, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি বন্ধ এবং নকল-ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রি রোধে বিভিন্ন বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজার তদারকির পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়।

তদারকি কার্যক্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য, কৃষি ও মৎস্য বিভাগের সদস্যদের পাশাপাশি কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

ভোক্তাদের পণ্য কেনার আগে মূল্যতালিকা যাচাই, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত এবং পণ্যের সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে পণ্য বা ওষুধ কেনার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। একই সঙ্গে মিথ্যা ও প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে সতর্ক থাকার এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সূত্র: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ