পচা-বাসি মিষ্টি বিক্রি, বাগাট ঘোষ মিষ্টান্নকে লাখ টাকা জরিমানা

ঝিনাইদহে পচা ও বাসি মিষ্টি সংরক্ষণ ও বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ‘বাগাট ঘোষ মিষ্টান্ন ভান্ডার’কে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ঝিনাইদহ সদর উপজেলার এইচএসএস সড়ক, পুরাতন ডিসি কোর্ট চত্বর, শেরে বাংলা সড়ক ও কলাবাগান এলাকায় প্রতিষ্ঠানটির দুটি শোরুম এবং দই-মিষ্টি উৎপাদন কারখানায় তদারকি চালানো হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে পচা ও বাসি মিষ্টি সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছে। পাশাপাশি নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল। ডিপ ফ্রিজে বাসি দই সংরক্ষণ এবং রাতে ফ্রিজ বন্ধ রাখারও প্রমাণ পাওয়া যায়।

এ ছাড়া দইয়ের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির মতো অনিয়মও পাওয়া যায়।

এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বাগাট ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঝিনাইদহ জেলা কার্যালয়ের প্রতিনিধি, ঝিনাইদহ জেলার হোটেল, রেস্তোরাঁ ও মিষ্টি ব্যবসায়ী সমিতির সদস্যরা সহযোগিতা করেন। আইনশৃঙ্খলা রক্ষায় ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।

ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ