
ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ১৫ আগস্ট পরিচালিত এ কার্যক্রমে ৪৩টি জেলায় ২৬৮টি টিম অংশ নেয়। তদারকির সময় বিভিন্ন অনিয়মের দায়ে ৮৬টি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন, ওজন ও পরিমাপে কারচুপি প্রতিরোধ, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ঔষধ বিক্রি বন্ধ এবং নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রি রোধে বিভিন্ন বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে তদারকি করা হয়।
ঢাকা মহানগরসহ দেশের ৪৩টি জেলায় অধিদপ্তরের ২৬৮টি টিম বাজার তদারকিতে অংশ নেয়। এসব অভিযানে ৮৬টি প্রতিষ্ঠানকে ৫,৬৭,৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বাজার তদারকির পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। পাশাপাশি হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।
সূত্র: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর
