৩৩ জেলায় অভিযান, ৮৭ প্রতিষ্ঠানকে ১২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

ঢাকা মহানগরসহ দেশের ৩৩ জেলায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৮৭টি প্রতিষ্ঠানকে মোট ১২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ে একযোগে এ বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

অধিদপ্তরের ৫৬টি টিমের পরিচালিত অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন, ওজন ও পরিমাপে কারচুপি প্রতিরোধ, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি বন্ধ এবং নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রি রোধে বিভিন্ন বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযানকালে ৮৭টি প্রতিষ্ঠানকে মোট ১২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়।

বাজার তদারকি কার্যক্রমে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

অধিদপ্তর ভোক্তাদের পণ্য কেনার আগে মূল্যতালিকা যাচাই করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি পণ্যের সঠিক ওজন ও পরিমাপ বুঝে নেওয়া, খাদ্য, পণ্য বা ওষুধ কেনার সময় সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া ভোক্তাদের মিথ্যা ও প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে সতর্ক থাকার এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সূত্র: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ