
ঢাকার লালবাগে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অভিযানে রিগার্ড কেমিক্যাল ওয়ার্কস নামের একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই বিভিন্ন পণ্য বিক্রি ও বিতরণ করছিল। একই সঙ্গে সেখানে মেয়াদোত্তীর্ণ পণ্যও পাওয়া যায়।
মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা মহানগরীর লালবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআইয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে এপিবিএন-১১-এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে আবুল হাসানাত রোডের রিগার্ড কেমিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে গোলাপ জল, কেওড়াজলসহ বিভিন্ন পণ্য বিক্রি ও বিতরণ করতে দেখা যায়। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে ক্ষতিকর ও মেয়াদোত্তীর্ণ পণ্যও পাওয়া যায়।
এসব অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত বিএসটিআই আইন-২০১৮-এর ১৫(১)/২৭ ধারা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮-এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে মোট ২ লাখ টাকা জরিমানা করেন। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।
একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ করে পণ্য বাজারজাত করার নির্দেশনা দেওয়া হয়।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব ফারদিন ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব রাভী মোহাম্মদ ইতমাম, পরিদর্শক (মেট), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।
সূত্র: বিএসটিআই
