একই অনিয়মে ফের ধরা পড়লে প্রতিষ্ঠান সিলগালা: ভোক্তা অধিদপ্তর

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং হোটেল-রেস্তোরাঁ খাতে আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজধানীর কারওয়ান বাজারে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ী, কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. জহিরুল ইসলাম।

মাঠপর্যায়ের বাজার তদারকির অভিজ্ঞতা তুলে ধরে অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের রান্নাঘরে খোলা ডাস্টবিন, খাদ্যপণ্য খোলা অবস্থায় রাখা, মূল্যতালিকা প্রদর্শনে অনীহা এবং অপরিচ্ছন্ন পরিবেশসহ নানা ধরনের অনিয়ম দেখা যায়। এসব অনিয়ম দূর করতে ব্যবসায়ীদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

মুক্ত আলোচনায় ব্যবসায়ী নেতারা হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের আইন, খাদ্য নিরাপত্তা ও ভোক্তা-অধিকার বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা এবং ব্যবসা পরিচালনায় সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া কারওয়ান বাজারকে একটি মডেল বাজার হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. জহিরুল ইসলাম বলেন, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে ব্যবসায়ী নেতাদের সঙ্গে নিয়মিত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে অধিদপ্তরের কার্যক্রম আরও কার্যকর করা হবে।

তিনি ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ মনিটরিং ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়ে বলেন, জরিমানাকৃত কোনো প্রতিষ্ঠানে পুনরায় একই ধরনের অনিয়ম পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থার পাশাপাশি প্রতিষ্ঠান সিলগালা করার ব্যবস্থা নেওয়া হবে।

তিনি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্য উৎপাদনকারীদের প্রশিক্ষণ এবং স্ট্রিট ফুড ব্যবসায়ীদের শৃঙ্খলার আওতায় আনতে উদ্যোগ নেওয়ার কথাও জানান।

সভায় অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সেবাস্টিন রেমা, পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) আতিয়া সুলতানাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থা, ব্যবসায়ী সংগঠন, ক্যাব এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভাটি অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।

সূত্র: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ