দুর্বলতা ও শ্বাসকষ্ট রক্তাল্পতার লক্ষণ হতে পারে, যা খেতে পারেন

রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে তার প্রভাব শরীরে স্পষ্টভাবে দেখা দিতে পারে। অল্পতেই ক্লান্তি বা দুর্বলতা অনুভব করা, সামান্য পরিশ্রমেই শ্বাসকষ্ট হওয়া কিংবা খাবারের প্রতি অরুচি, এসবই রক্তাল্পতার সম্ভাব্য লক্ষণ হতে পারে।

অনেকেই রক্তাল্পতা বা অ্যানিমিয়াকে শুধু আয়রনের ঘাটতি হিসেবে বিবেচনা করেন। তবে বিষয়টি এতটা সরল নয়। রক্তাল্পতা কোনো একক রোগ নয়; এটি বিভিন্ন শারীরিক সমস্যার একটি উপসর্গ। শরীরে পর্যাপ্ত আয়রন, ফোলেট বা ভিটামিন বি১২ না পৌঁছালে কিংবা এসব পুষ্টি উপাদান সঠিকভাবে শোষিত না হলে নিউট্রিশনাল অ্যানিমিয়া দেখা দিতে পারে।

তাই রক্তাল্পতার লক্ষণ দেখা দিলে নিজে থেকে আয়রনের ওষুধ খাওয়া ঠিক নয়। প্রথমে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কারণ শনাক্ত করা জরুরি। পাশাপাশি প্রতিদিনের খাদ্যতালিকায়ও দিতে হবে বিশেষ নজর। সুষম ও পুষ্টিকর খাবার হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

হিমোগ্লোবিন বাড়াতে যেসব খাবার রাখবেন

শুকনো ফল ও বাদাম:

প্রাতরাশের সঙ্গে কিশমিশ, অ্যাপ্রিকট, কাজু কিংবা কাঠবাদাম রাখা যেতে পারে। এসব খাবারে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান শরীরের প্রয়োজনীয় পুষ্টি জোগাতে সহায়তা করে এবং খাদ্য থেকে আয়রন শোষণে ভূমিকা রাখে।

সবুজ শাক ও ব্রকোলি:

পালং শাক ও ব্রকোলি খাদ্যতালিকায় রাখতে পারেন। এগুলোতে আয়রন ও ফোলেটসহ বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে। বিশেষ করে ব্রকোলিতে আয়রনের পাশাপাশি বি-কমপ্লেক্স, ভিটামিন এ, ভিটামিন সি ও ম্যাগনেশিয়াম থাকে।

ডাল ও শিমজাতীয় খাবার:

প্রতিদিনের খাবারে বিভিন্ন ধরনের ডাল, বিন বা অন্যান্য শিমজাতীয় খাবার যোগ করা যেতে পারে। সিদ্ধ ছোলাও পুষ্টিকর একটি বিকল্প। প্রতি কাপ সিদ্ধ ছোলায় প্রায় ৩ থেকে ৫ মিলিগ্রাম আয়রন থাকতে পারে।

ভিটামিন সি সমৃদ্ধ ফল:

শরীরে আয়রন ভালোভাবে শোষিত হওয়ার জন্য ভিটামিন সি গুরুত্বপূর্ণ। তাই নিয়মিত ভিটামিন সি সমৃদ্ধ ফল খাওয়া উপকারী। আম, লেবু, আপেল ও পেয়ারা খাদ্যতালিকায় রাখা যেতে পারে।

তবে শুধু খাবারের মাধ্যমে হিমোগ্লোবিন কমে যাওয়ার সব কারণ দূর করা সম্ভব নয়। দীর্ঘদিন ধরে দুর্বলতা, ক্লান্তি, শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং রক্তাল্পতার মূল কারণ শনাক্ত করার পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাসই সুস্থ থাকার সবচেয়ে কার্যকর পথ।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ