নকল পণ্যের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ, ভোক্তা অধিদপ্তরের সঙ্গে নেসলের কর্মশালা

নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে নেসলে বাংলাদেশ। বুধবার অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে ‘নকল ও ভেজাল পণ্য প্রতিরোধ’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. জহিরুল ইসলাম। এতে অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেসলে বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেন।

কর্মশালায় নকল পণ্য শনাক্তের কৌশল, আসল ও নকল পণ্যের পার্থক্য এবং প্যাকেজিং, লেবেলিংসহ বিভিন্ন দৃশ্যমান বৈশিষ্ট্য সম্পর্কে কর্মকর্তাদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন নমুনা প্রদর্শনের মাধ্যমে হাতে-কলমে নকল পণ্য শনাক্তের পদ্ধতি শেখানো হয়।

মহাপরিচালক বলেন, ভোক্তার অধিকার সুরক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও ভোক্তাসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

নেসলে বাংলাদেশের পক্ষ থেকে মাঠপর্যায়ের কর্মকর্তাদের পণ্যের বৈশিষ্ট্য ও শনাক্তকরণসংক্রান্ত লিফলেট সরবরাহ এবং কারখানা পরিদর্শনের সুযোগ দেওয়ার কথা জানানো হয়।

সূত্র: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ