অনুমোদনহীন প্রসাধনী বিক্রি: মোহাম্মদপুরে অভিযানে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

ঢাকার মোহাম্মদপুরে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স, পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই বিভিন্ন প্রসাধনী পণ্য বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে এবং এপিবিএন-১১-এর সহযোগিতায় মোহাম্মদপুর থানাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোহাম্মদপুরের টোকিও স্কয়ার, জাপান গার্ডেন সিটি এলাকায় অবস্থিত মেসার্স ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের প্রসাধনী পণ্য বিক্রি ও বিতরণের অভিযোগ পাওয়া যায়।

বিএসটিআই সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের সিএম লাইসেন্স, পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ এবং প্রয়োজনীয় ছাড়পত্র গ্রহণ না করেই স্কিন ক্রিম, ফেসওয়াশ, ফেসপ্যাক, স্কিন লোশন ও সাবানসহ বিভিন্ন পণ্য বিক্রি ও বিতরণ করছিল।

এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে জরুরি ভিত্তিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স, পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ ও প্রয়োজনীয় ছাড়পত্রের জন্য আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত বিধি অনুসরণ না করলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

অভিযানে বিএসটিআই, ঢাকার প্রসিকিউটর কর্মকর্তা সিকান্দার মাহমুদ এবং পরীক্ষক (মেট) মো. রাকিবুল ইসলাম রাকিব দায়িত্ব পালন করেন।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে মানসম্মত ও নিরাপদ পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: বিএসটিআই

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ