
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে এসিআই গ্রুপ, বাংলাদেশ লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার জালাকান্দি ও গোপালদী পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানে প্রতিষ্ঠানটির বিটা ক্যারোটিন পণ্যে আমদানিকারকের সিল পাওয়া যায়নি। একই সঙ্গে পণ্যটির প্রয়োজনীয় স্টাডি রিপোর্টও পাওয়া যায়নি।
এ ছাড়া প্রতিষ্ঠানটির ‘ফ্যাটিগ রিকোভারি এনার্জি বুস্ট’ পণ্যের নিউট্রিশনাল ভ্যালু নির্দিষ্ট সময় পরপর পরীক্ষা করা হয় না বলেও অভিযানে উঠে আসে।
মোবাইল কোর্ট সূত্র জানায়, এসব অনিয়ম নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৪১ ও ৪২ ধারার লঙ্ঘন। এ কারণে এসিআই গ্রুপ, বাংলাদেশ লিমিটেডকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
