জ্বালানি তেলের বাজারে বিশেষ অভিযান, ৭৯ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা

ঢাকা মহানগরসহ দেশের ৩৩টি জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার ও ফিলিং স্টেশনে বিশেষ তদারকি চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ৭৯টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) অধিদপ্তরের ৪৩টি টিম এ তদারকি কার্যক্রম পরিচালনা করে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখা, সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করা, অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও অতিরিক্ত মূল্য আদায় প্রতিরোধ, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান এবং মূল্য তালিকা প্রদর্শনসহ বিভিন্ন বিষয়ে নজরদারি করা হয়।

এ সময় ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

ফিলিং স্টেশন ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা

অধিদপ্তরের পক্ষ থেকে ফিলিং স্টেশন ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি, প্রতিবার জ্বালানি সরবরাহের আগে মিটার শূন্য থেকে চালু এবং নির্ধারিত পরিমাণে জ্বালানি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, জ্বালানি সরবরাহের মিটার ও পরিমাপ ব্যবস্থা সঠিক ও সিলযুক্ত রাখা, প্রতিটি বিক্রয়ের বিপরীতে ক্যাশ মেমো বা রসিদ দেওয়া এবং নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য বলা হয়েছে।

জ্বালানি তেলে ভেজাল বা অননুমোদিত পদার্থ না মেশানো এবং ফিলিং স্টেশনে অগ্নিনিরাপত্তা ও পরিবেশগত বিধিবিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশনাও দেওয়া হয়।

ভোক্তাদের প্রতি আহ্বান

ভোক্তাদের সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল কেনার পাশাপাশি জ্বালানি নেওয়ার আগে ডিসপ্লেতে মিটার শূন্য দেখাচ্ছে কি না নিশ্চিত করতে বলা হয়েছে। জ্বালানি গ্রহণের সময় মিটার দৃশ্যমান রাখা এবং মিটার বন্ধ হওয়ার পর অর্থ পরিশোধের পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া মূল্য তালিকা যাচাই, জ্বালানির রসিদ বা ক্যাশ মেমো সংগ্রহ ও সংরক্ষণ করতে বলা হয়েছে। নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহ, অতিরিক্ত মূল্য আদায় বা অন্য কোনো অনিয়ম দেখা গেলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ করতে বলা হয়েছে।

ফিলিং স্টেশনে ধূমপান, আগুন ও মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং সংশ্লিষ্ট নিরাপত্তা নির্দেশনা মেনে চলার জন্যও ভোক্তাদের অনুরোধ জানানো হয়েছে।

জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ