
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দুই দিনের ব্যবধানে আবারও মিড ডে মিলের ডিম খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (পলাশবাড়ী) এ ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের ভর্তি রেখে চিকিৎসা দেন। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. সজীব মিয়া।
ডিম খাওয়ার পরই অসুস্থ
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিলের খাবার পরিবেশন করা হয়। মেন্যুতে অন্যান্য খাবারের সঙ্গে ডিমও ছিল।
ডিম খাওয়ার কিছুক্ষণ পর একে একে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ বোধ করতে শুরু করে। তাদের তীব্র পেটব্যথা, বমি ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়।
পরে দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে ২০ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
দুই দিনের ব্যবধানে ফের একই ঘটনা
এর মাত্র দুই দিন আগে একই উপজেলার অন্য একটি বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খেয়ে প্রায় ৩৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।
ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই উপজেলায় আবারও শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় খাবারের মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে শিক্ষার্থীরা খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষা-নিরীক্ষা ও তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কঠোর পদক্ষেপের আশ্বাস জেলা প্রশাসকের
জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, দুদিন আগের ঘটনার পর আজই তিনি স্কুল পরিদর্শন করেছেন এবং অভিভাবকদের সঙ্গে দেখা করেছেন। স্কুল কর্তৃপক্ষকে ইতোমধ্যে সতর্ক করা হয়েছে।
তিনি বলেন, আগের ঘটনার জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খাবারের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আজকের ঘটনা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, আবার এমন ঘটনা ঘটা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে দ্রুত কঠোর আইনগত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে চিকিৎসাধীন শিশুদের দ্রুত সুস্থতা কামনা করেন।
