মিড-ডে মিলে অনিয়ম ঠেকাতে কুপন চালুর চিন্তা, শিক্ষার্থীরাই কিনবে পছন্দের খাবার

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু থাকা মিড-ডে মিল কর্মসূচিতে নতুন পদ্ধতি যুক্ত করার উদ্যোগ নিচ্ছে সরকার। কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে কুপন ব্যবস্থা চালুর কথা ভাবা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, প্রতিটি শিক্ষার্থীকে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন দেওয়া হবে। সেই কুপন দিয়ে স্থানীয়ভাবে তালিকাভুক্ত খাদ্য ব্যবসায়ীদের কাছ থেকে পছন্দের খাবার কিনতে পারবে তারা।

তবে তালিকাভুক্ত দোকানে পছন্দের খাবার না পেলে শিক্ষার্থীকে তা কিনতে বাধ্য করা হবে না। সে ক্ষেত্রে কুপনের অর্থ শিক্ষার্থীর কাছেই থাকবে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এসব তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, সক্ষমতা অনুযায়ী স্থানীয় খাদ্য ব্যবসায়ীদের তালিকাভুক্ত করা হবে। কোনো শিক্ষার্থী তালিকাভুক্ত দোকান বা ব্যবসায়ীর কাছে পছন্দমতো খাবার না পেলে তা কিনবে না। কুপনের অর্থ তার কাছেই থাকবে। তবে এ পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। আরও আলোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিনা মূল্যে বিতরণের বইয়ের মান নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, পাঁচটি ধাপে বইয়ের মান যাচাই করা হচ্ছে। কাগজের মান খারাপ হলে সংশ্লিষ্ট বই বাতিল করা হচ্ছে। এখন পর্যন্ত ৩০ লাখ বই কেটে বিনষ্ট করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, এরপরও অনেকে নিম্নমানের বই সরবরাহের চেষ্টা করছেন। শেষ পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার পরও যদি মান খারাপ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট মুদ্রণপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ