
রমজানসহ বছরের যেকোনো সময়ে কোনো ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে বা জোটবদ্ধ হয়ে নিত্যপণ্যের দাম বাড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) চট্টগ্রামের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মেলন কক্ষে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। সভায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বাজার স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।
আসন্ন রমজান উপলক্ষে চিনি, ছোলা, খেজুর, পেঁয়াজ ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে কোনো সরবরাহ ঘাটতি নেই। আমদানির জন্য পাইপলাইনেও বিভিন্ন পণ্যের চালান রয়েছে।
তিনি বলেন, ব্যবসা সহজীকরণে সরকার কাজ করছে। ট্রেড লাইসেন্স, আরজেএসসি, আমদানি নিবন্ধন সনদ, রপ্তানি নিবন্ধন সনদ ও কৃষিপণ্যের আমদানি অনুমতিপত্রসহ বিভিন্ন সেবা অনলাইনে ঘরে বসেই পাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
সারা বছর নিত্যপণ্যের সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে এলাকাভিত্তিক কৃষি উৎপাদনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। কোন অঞ্চলে কোন সময়ে কোন ফসল উৎপাদন হবে, তা পরিকল্পিতভাবে নির্ধারণ করা গেলে বাজারে পণ্যের ঘাটতি ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে ব্যবসায়ীরা সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবেন। ডাল, চাল, ছোলা, গম, সয়াবিন ও পাম তেল এবং চিনিসহ প্রয়োজনীয় পণ্যের আমদানি ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। এ জন্য সরকার ও ব্যবসায়ীদের মধ্যে প্রতি ১৫ দিন পরপর সমন্বয় সভার মাধ্যমে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের প্রস্তাব দেওয়া হয়।
সভায় চট্টগ্রামের পণ্য পরিবহন ব্যয় কমানো, মহাসড়কে ওজনসীমা, লাইটার জাহাজের ভাড়া ও সিরিয়াল জটিলতা, চট্টগ্রাম বিমানবন্দরে কার্গো ভিলেজ স্থাপন এবং ব্যবসায়ীদের বিভিন্ন প্রশাসনিক জটিলতা নিরসনের দাবি জানান ব্যবসায়ী নেতারা।
পাশাপাশি বাজার মনিটরিং জোরদার, ভেজাল পণ্য রোধে কঠোর নজরদারি এবং ব্যবসাসংক্রান্ত সরকারি সংস্থাগুলোর অপ্রয়োজনীয় হয়রানি বন্ধের আহ্বান জানান তারা।
সভায় চট্টগ্রাম চেম্বারের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, আমদানিকারক, সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
