
রাজধানীর যাত্রাবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পরিচালনা, লেবেলবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ এবং প্রয়োজনীয় সনদ দেখাতে না পারায় আল বারাকা বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) যাত্রাবাড়ীর ৭ নম্বর করাতিটোলায় অবস্থিত আল বারাকা বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বেকারিটিকে অত্যন্ত নোংরা ও অপরিষ্কার পরিবেশে পরিচালিত হতে দেখা যায়। বেকারির মেঝে, দরজা, জানালা এবং বিভিন্ন যন্ত্রপাতি অত্যন্ত অস্বাস্থ্যকর অবস্থায় ছিল।
এ ছাড়া কোনো ধরনের লেবেল সংযোজন ছাড়াই রুটি, বিস্কুট, কেক ও ড্রাই কেক বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করতে দেখা যায়। একই সঙ্গে বেকারি কর্তৃপক্ষ ফায়ার লাইসেন্স, বিএসটিআই সনদ ও কারখানা লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হয়।
এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী বেকারিটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সহায়ক কর্মী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিল।
