আমনে ৩ লাখ টন ধান ও সাড়ে ৫ লাখ টন চাল কিনবে সরকার

চলতি ২০২৬-২৭ অর্থবছরে আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান ও চাল সংগ্রহ করবে সরকার। এর মধ্যে ৩ লাখ টন আমন ধান, ৫ লাখ টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার টন আতপ চাল রয়েছে।

রোববার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

মন্ত্রী জানান, সরকার প্রতি কেজি আমন ধান ৩৫ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং সেদ্ধ চাল ৪৯ টাকা দরে কিনবে।

তিনি বলেন, নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান-চাল সংগ্রহের ব্যবস্থাও রাখা হয়েছে। কৃষকেরা যদি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান-চাল সরবরাহ করতে পারেন, সেক্ষেত্রেও তা সংগ্রহ করা হবে।

খাদ্যমন্ত্রী বলেন, ‘কৃষক যদি এর চেয়েও বেশি যোগান দিতে পারেন, সেটিও সংগ্রহ করার ব্যবস্থাও রাখা হয়েছে। কৃষকের যেন ক্ষতি না হয়, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য একটি আধুনিক খাদ্য ব্যবস্থাপনা গড়ে তোলা। যার মাধ্যমে জনগণের কাছে আমরা খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারি এবং যথেষ্ট পরিমাণে যেন খাদ্য মজুদ থাকে।’

খাদ্য মন্ত্রণালয় জানায়, আগামী ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ শুরু হবে। এ কার্যক্রম চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আর আমন চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর, যা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

এফপিএমসির সভায় দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি, আমন সংগ্রহ কার্যক্রম, খাদ্যশস্যের মজুদ, সরকারি বিতরণ ব্যবস্থা এবং খাদ্যশস্য আমদানিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ