
রাজধানীর খোলাবাজার ও সুপারশপ থেকে সংগ্রহ করা চাল ও চিড়ার নমুনায় লিভার ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে এমন বিষাক্ত রাসায়নিক আফলাটক্সিনের উপস্থিতি পেয়েছেন গবেষকরা। পরীক্ষায় চালের ২৭ দশমিক ৬৩ শতাংশ এবং চিড়ার ৫৫ শতাংশ নমুনায় এ উপাদান শনাক্ত হয়েছে। তবে নমুনাগুলোতে আফলাটক্সিনের মাত্রা আন্তর্জাতিকভাবে নির্ধারিত সর্বোচ্চ সীমার নিচে ছিল। গবেষকদের মতে, মাত্রা কম হলেও দীর্ঘদিন এসব খাদ্য গ্রহণের ফলে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।
‘বাংলাদেশের খুচরা বাজারে বিক্রি হওয়া চাল ও চালজাত পণ্যে আফলাটক্সিনের উপস্থিতি: খাদ্য গ্রহণের মাধ্যমে আফলাটক্সিনের সংস্পর্শ এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যঝুঁকির মূল্যায়ন’ শীর্ষক গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘টক্সিকোলজি রিপোর্টস’-এ প্রকাশিত হয়েছে।
আফলাটক্সিন মূলত নির্দিষ্ট কিছু ছত্রাক থেকে তৈরি প্রাকৃতিক বিষাক্ত রাসায়নিক। গরম ও আর্দ্র পরিবেশে ঠিকমতো শুকানো বা সংরক্ষণ না করা খাদ্যশস্যে এসব ছত্রাক জন্মাতে পারে। দীর্ঘদিন আফলাটক্সিনের সংস্পর্শে থাকলে লিভার সিরোসিস, রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়া এবং লিভার ক্যানসারের ঝুঁকি তৈরি হতে পারে।
নমুনায় আফলাটক্সিনের মাত্রা নির্ধারিত সর্বোচ্চ সীমার নিচে থাকলেও দীর্ঘমেয়াদি গ্রহণের সম্ভাব্য ঝুঁকি মূল্যায়নে গবেষকরা মার্জিন অব এক্সপোজার (এমওই) সূচক ব্যবহার করেছেন। এ সূচকের মান যত বেশি, ঝুঁকি তত কম বলে বিবেচিত হয়। সাধারণভাবে এমওই ১০ হাজারের নিচে হলে তা জনস্বাস্থ্যের জন্য সম্ভাব্য উদ্বেগের ইঙ্গিত দেয়।
গবেষণায় চালের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের এমওই পাওয়া গেছে ৮ দশমিক ৩৬ এবং শিশুদের ৪ দশমিক ৮৯। চিড়ার ক্ষেত্রে এ মান যথাক্রমে ৩ হাজার ৭৭১ দশমিক ৪০ ও ১ হাজার ৫ দশমিক ৭১। অর্থাৎ উভয় খাদ্যের ক্ষেত্রেই এমওই ১০ হাজারের নিচে রয়েছে, যা দীর্ঘমেয়াদি গ্রহণের বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তা তুলে ধরে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোশতাক হোসেন বলেন, ‘চালে আফলাটক্সিন কেন তৈরি হয়েছে, সেটি নিয়ে আরো গবেষণা প্রয়োজন। অনুন্নত সংরক্ষণ ব্যবস্থা এর একটি কারণ হতে পারে। দূষণের মাত্রা হয়তো এখন খুব ক্ষতিকর পর্যায়ে পৌঁছেনি, তবে এটিকে উপেক্ষা করারও সুযোগ নেই। একই সঙ্গে দূষণ কমাতে কী করণীয়, সে বিষয়েও কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
যেভাবে করা হয় গবেষণা
গবেষণাটিতে মোট ১১ জন গবেষক যুক্ত ছিলেন। তাঁদের মধ্যে নয়জন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী এবং বাকি দুজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের গবেষক। গবেষণায় নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ইনস্টিটিউট অব ফুড অ্যান্ড রেডিয়েশন বায়োলজির ভেটেরিনারি ড্রাগ রেসিডিউ অ্যানালাইসিস বিভাগের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার মো. হেদায়েতুল ইসলাম ও ড. নজরুল ইসলাম।
গবেষকরা রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপ থেকে মোট ১২১টি নমুনা সংগ্রহ করেন। এর মধ্যে চালের ৭৬টি, মুড়ির ২৫টি এবং চিড়ার ২০টি নমুনা ছিল। দুই দফায় নমুনাগুলো সংগ্রহ করা হয়। প্রথম দফায় ২০২২ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত গরম ও বর্ষা মৌসুমে এবং দ্বিতীয় দফায় ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত শীত ও শুষ্ক মৌসুমে নমুনা সংগ্রহ করা হয়। এসব খাদ্যপণ্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকার বাজারে আসে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।
নমুনাগুলো সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ইনস্টিটিউট অব ফুড অ্যান্ড রেডিয়েশন বায়োলজির ভেটেরিনারি ড্রাগ রেসিডিউ অ্যানালাইসিস বিভাগে পরীক্ষা করা হয়। উচ্চ ক্ষমতাসম্পন্ন তরল ক্রোমাটোগ্রাফি ও ফ্লুরেসেন্স ডিটেকশন পদ্ধতিতে আফলাটক্সিন শনাক্ত ও পরিমাপ করা হয়।
গবেষণায় আফলাটক্সিনের চারটি ধরন- এএফবি১, এএফবি২, এএফজি১ ও এএফজি২ পরীক্ষা করা হয়েছে। এ চারটির সম্মিলিত পরিমাণকে টোটাল আফলাটক্সিন বা এএফটি হিসেবে বিবেচনা করা হয়েছে।
চাল ও চিড়ায় দূষণের চিত্র
গবেষণার ফলাফলে দেখা গেছে, ৭৬টি চালের নমুনার মধ্যে ২১টিতে বা ২৭ দশমিক ৬৩ শতাংশে আফলাটক্সিনের উপস্থিতি রয়েছে। এসব নমুনায় মোট আফলাটক্সিনের ঘনত্ব ছিল প্রতি কেজিতে দশমিক ৪৭ থেকে ৩ দশমিক ৬৩ মাইক্রোগ্রাম। ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত মোট আফলাটক্সিনের সর্বোচ্চ অনুমোদিত সীমা প্রতি কেজিতে ৪ মাইক্রোগ্রাম। অর্থাৎ গবেষণায় চালের নমুনায় পাওয়া সর্বোচ্চ মাত্রাও ওই সীমা অতিক্রম করেনি।
অন্যদিকে, ২০টি চিড়ার নমুনার মধ্যে ১১টিতে বা ৫৫ শতাংশে আফলাটক্সিন শনাক্ত হয়েছে। এসব নমুনায় এর ঘনত্ব ছিল প্রতি কেজিতে দশমিক ৩৭ থেকে দশমিক ৮৭ মাইক্রোগ্রাম। চিড়ার ক্ষেত্রেও সর্বোচ্চ মাত্রা ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত সীমার নিচে ছিল।
তবে ২৫টি মুড়ির নমুনার কোনোটিতেই আফলাটক্সিন পাওয়া যায়নি।
গরম ও বর্ষা মৌসুমে দূষণ বেশি
মৌসুমভেদে আফলাটক্সিন দূষণের হারেরও পার্থক্য পেয়েছেন গবেষকরা। প্রথম দফায় গরম ও বর্ষা মৌসুমে চালের ২৯ দশমিক ৫৫ শতাংশ নমুনায় আফলাটক্সিন পাওয়া যায়। দ্বিতীয় দফায় শীত ও শুষ্ক মৌসুমে এ হার ছিল ২৫ শতাংশ। দুই দফার নমুনায় গড়ে ২৭ দশমিক ২৭ শতাংশ চালে আফলাটক্সিনের উপস্থিতি পাওয়া গেছে।
চিড়ার ক্ষেত্রে প্রথম দফায় ৬০ শতাংশ এবং দ্বিতীয় দফায় ৫০ শতাংশ নমুনায় দূষণ শনাক্ত হয়েছে। অর্থাৎ গরম ও বর্ষা মৌসুমে চাল ও চিড়া—দুই ধরনের খাদ্যেই দূষণের হার তুলনামূলক বেশি ছিল।
চালে তুলনায় চিড়ায় দূষণের হার বেশি হওয়ার সম্ভাব্য কারণও তুলে ধরেছেন গবেষকরা। তাঁদের মতে, ধান ভিজিয়ে উত্তাপ প্রয়োগের পর যান্ত্রিকভাবে চ্যাপ্টা করে চিড়া তৈরি করা হয়। এ প্রক্রিয়ায় দানার উপরিভাগ ও তুষের অংশের সংস্পর্শ এবং আর্দ্রতা ছত্রাকের বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি করতে পারে।
বিশেষ করে অপর্যাপ্ত শুকানো, আর্দ্র পরিবেশে উৎপাদন এবং অনুপযুক্ত সংরক্ষণের কারণে অ্যাসপারজিলাস গোত্রের ছত্রাকের বিস্তার ও আফলাটক্সিন উৎপাদন বাড়তে পারে। অন্যদিকে উচ্চ তাপমাত্রায় মুড়ি তৈরি এবং শুকনো ও বায়ুরোধী পরিবেশে সংরক্ষণের কারণে এতে ছত্রাক বৃদ্ধির সুযোগ তুলনামূলক কম থাকে বলে ধারণা গবেষকদের।
লিভার ক্যানসারের সম্ভাব্য ঝুঁকি
গবেষণায় চালের মাধ্যমে আফলাটক্সিন গ্রহণের ফলে সম্ভাব্য লিভার ক্যানসারের ঝুঁকিও হিসাব করা হয়েছে। গবেষকদের হিসাব অনুযায়ী, প্রতি এক লাখ মানুষের মধ্যে বছরে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রায় দশমিক শূন্য ৫১টি এবং শিশুদের ক্ষেত্রে দশমিক শূন্য ৮৮টি লিভার ক্যানসারের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
আফলাটক্সিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হসপিটালের পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেন, ‘আফলাটক্সিন লিভারের রোগের ঝুঁকি বাড়ায়। নির্ধারিত নিরাপদ সীমার চেয়ে ১৫-১৬ গুণ মাত্রায় আফলাটক্সিনযুক্ত খাবার গ্রহণ করলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।’
দূষণ ঠেকাতে নজরদারি ও সংরক্ষণব্যবস্থা উন্নয়নের সুপারিশ
খাদ্যপণ্যে আফলাটক্সিনের উপস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত বাজার পর্যবেক্ষণ ও পরীক্ষার ব্যবস্থা জোরদার করার সুপারিশ করেছেন গবেষকরা। তাঁদের মতে, শুধু বাজারে পণ্য পৌঁছানোর পর পরীক্ষা করলেই হবে না; উৎপাদন, সংগ্রহ, শুকানো, পরিবহন ও সংরক্ষণের প্রতিটি পর্যায়ে ভালো কৃষি ও উৎপাদন ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
এ ছাড়া খাদ্যশস্যে আর্দ্রতা নিয়ন্ত্রণ, উন্নত শুকানো ও সংরক্ষণব্যবস্থা এবং দ্রুত দূষণ শনাক্তের প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।
ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চল ও মৌসুম থেকে আরও বড় পরিসরে নমুনা সংগ্রহ করে আফলাটক্সিনের পাশাপাশি অন্যান্য মাইকোটক্সিন পরীক্ষার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে মানুষের শরীরে আফলাটক্সিনের প্রকৃত সংস্পর্শের মাত্রা নিরূপণে রক্ত ও প্রস্রাবের বায়োমার্কার পরীক্ষার ওপরও গুরুত্ব দিয়েছেন গবেষকরা।
সূত্র: বণিক বার্তা
