নকল ঘি তৈরির অভিযোগে ‘তাহেরা ফুড ইন্ডাস্ট্রিজ’কে ৩ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরে ভেজাল ও নকল ঘি উৎপাদনের অভিযোগে একটি খাদ্যপ্রস্তুতকারী প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ও উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সদর উপজেলার বিসিক শিল্প এলাকায় অবস্থিত তাহেরা ফুড ইন্ডাস্ট্রিজ-এ এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ। নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লক্ষ্মীপুর কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তীর সার্বিক সমন্বয়ে পরিচালিত অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি ডালডা, ভোজ্য তেল, রং ও ফ্লেভার ব্যবহার করে QBB Margarin HP Ghee-সহ বিভিন্ন নামে পণ্য বাজারজাত করছে। অথচ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে তারা লাইসেন্স নিয়েছে মার্জারিন উৎপাদনের জন্য।

এ ছাড়া পণ্যের মোড়কে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান শেষে জব্দ করা ভেজাল ও নকল খাদ্যপণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।

এ সময় পুলিশ, আনসার ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতিনিধিরা অভিযানে অংশ নিয়ে সহযোগিতা করেন।

সূত্র: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ