
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।
রোববার (২০ জুলাই) উপজেলা প্রশাসন, কালীগঞ্জ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, গাজীপুরের যৌথ উদ্যোগে উপজেলার আইশ্বিন ফুডস লিমিটেড কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়া, কালীগঞ্জ উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক এবং পুলিশ সদস্যরা।
অভিযানকালে কারখানায় একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে ছিল খাদ্যপণ্যের লেবেলে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য না দেওয়া, খাদ্য সংযোজন দ্রব্যের যথাযথ সংরক্ষণ ও লেবেলিং না থাকা, ৩০ দিনের মেয়াদ উল্লেখ থাকলেও ব্রেডের সেলফ লাইফ স্টাডি কিংবা ল্যাব পরীক্ষার কোনো প্রমাণ উপস্থাপন করতে না পারা, খাদ্যপণ্য খোলা অবস্থায় রাখা এবং কারখানার ভেতরে মাছির উপস্থিতি।
এ ছাড়া খাদ্য সংযোজন দ্রব্যের ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট (MSDS) ও সার্টিফিকেট অব অ্যানালাইসিস (COA) সংরক্ষণ না করা, উৎপাদনে ব্যবহৃত সংযোজন দ্রব্যের নির্ধারিত মাত্রার প্রমাণ দেখাতে না পারা এবং খাদ্যপণ্যের চালান ও ক্রয় রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করার বিষয়ও ধরা পড়ে।
এসব অনিয়মকে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করে আইনের ধারা ৩২(ক) ও ৩৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে কারখানা থেকে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনাও সংগ্রহ করা হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
