
বরিশালের গৌরনদীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিনের রুটির ভেতর একটি ধারাল ব্লেড পাওয়া গেছে। এ ঘটনায় বিদ্যালয়জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর ছড়িয়ে পড়লে অভিভাবক ও স্থানীয়দের মধ্যেও উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়।
বুধবার (২২ জুলাই) গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টিফিন বিতরণের পর প্রথম শ্রেণির এক ছাত্রী রুটি ছিঁড়ে খেতে গেলে ভেতরে একটি ধারাল ব্লেড দেখতে পায়। পরে সে বিষয়টি তাৎক্ষণিকভাবে তার শ্রেণিশিক্ষককে জানায়।
বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী ছাত্রী আলমতাজ গণমাধ্যমকে ঘটনাটির কথা জানায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) সাইফুন নাহার গণমাধ্যমকে বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে অবহিত করা হয়েছে।
এদিকে, রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশন-এর প্রতিনিধি আরিফ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার সকালে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
