
বরগুনায় অনলাইনে মধু বিক্রি করা একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে ভেজালের প্রমাণ পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই সঙ্গে স্থানীয় কাঁচাবাজার থেকে বিভিন্ন শাকসবজির নমুনা সংগ্রহ করে কীটনাশক ও ভারী ধাতুর উপস্থিতি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বরগুনা জেলা কার্যালয়, বরগুনা সদর উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অধিদপ্তরের যৌথ উদ্যোগে সদর উপজেলার কাঁচাবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের শুরুতে বাজারের বিভিন্ন সবজি বিক্রয়কেন্দ্র থেকে শাকসবজির নমুনা সংগ্রহ করা হয়। এসব নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ (Pesticide Residue) এবং ভারী ধাতু (Heavy Metal) রয়েছে কি না, তা পরীক্ষার জন্য উপজেলা কৃষি অধিদপ্তরের মাধ্যমে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
পরে একটি অনলাইনভিত্তিক মধু বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিভিন্ন মধুর নমুনা পরীক্ষা করে তাতে Artificial Invert Sugar এবং স্বাভাবিক মাত্রার চেয়ে অতিরিক্ত আর্দ্রতা (Moisture) পাওয়া যায়, যা নিরাপদ খাদ্যের মানদণ্ডের পরিপন্থী।
অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানের মালিক দোষ স্বীকার করলে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত তদারকি, নমুনা সংগ্রহ এবং মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সূত্র: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
