
মারি বিস্কুটসহ বিভিন্ন বিস্কুট, চকোলেট ও কনফেকশনারি পণ্য বাজারজাত করে দীর্ঘ ৫৩ বছর ধরে ব্যবসা করে আসা কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেডের বিরুদ্ধে বড় অঙ্কের ভ্যাট ফাঁকির অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির মূল কোম্পানি ও সহযোগী সংস্থাগুলোর বিরুদ্ধে মোট ১২০ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার ১২১ টাকা ভ্যাট ফাঁকির মামলা করেছে মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা পড়া একটি অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু করে ভ্যাট গোয়েন্দা। অনুসন্ধানে কোকোলা ফুডের মালিকপক্ষের নিয়ন্ত্রণাধীন কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ জমার তথ্য পাওয়া যায়।
গাজীপুরে মালিকপক্ষের নিয়ন্ত্রণাধীন পাঁচ সহযোগী প্রতিষ্ঠানের ১৯টি ব্যাংক হিসাবে মোট ৬৪৬ কোটি ১ লাখ ৩০ হাজার ৯৬১ টাকা জমা হওয়ার তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। তবে এসব প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন ছিল না এবং কোনো ভ্যাট রিটার্নও জমা দেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, অস্তিত্বহীন ঠিকানা ব্যবহার করে এসব প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ও ব্যাংক হিসাব খোলা হয়েছিল।
কোকোলা ফুডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ শুকুর মিয়া। পরিচালকদের মধ্যে রয়েছেন তার ছেলে নোমান মিয়া ও মো. আবু সাঈদ। রাজস্ব আদায় নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার সুপারিশ করেছে তদন্ত সংস্থা।
পাঁচ বছরে প্রায় ৯৪৫ কোটি টাকার বিক্রি
তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত পাঁচ বছরে কোকোলা ফুডের পণ্য বিক্রির পরিমাণ ছিল ৯৪৫ কোটি ১ লাখ ৯৪ হাজার ৮৯৬ টাকা।
এর মধ্যে ৪৭ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ৭০৯ টাকার বিক্রির তথ্য গোপন রাখা হয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে। এ হিসাবে সুদসহ অনাদায়ী ভ্যাটের পরিমাণ দাঁড়িয়েছে ৯ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার ১৫৯ টাকা।
এ ছাড়া কেনাকাটা ও অন্যান্য ব্যয়ের বিপরীতে উৎসে মূসক বাবদ ১২ কোটি ১৭ লাখ ৬৩ হাজার ৫৩৪ টাকা প্রযোজ্য থাকলেও প্রতিষ্ঠানটি পরিশোধ করেছে মাত্র ১ কোটি ৩২ লাখ ৬১ হাজার ৫৬৪ টাকা। বকেয়া সুদসহ এই খাতে অনাদায়ী অর্থের পরিমাণ ১২ কোটি ৫৫ লাখ ৪৩ হাজার ৮০১ টাকা।
স্থাপনা ভাড়ার বিপরীতেও ৯৭ লাখ ২৮ হাজার ৫১৯ টাকা বকেয়া রয়েছে। সব মিলিয়ে মূল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পাঁচ বছরে সুদসহ ২৩ কোটি ৪৯ লাখ ৩৯ হাজার ৪৭৮ টাকা ভ্যাট ফাঁকির হিসাব করা হয়েছে।
সহযোগী প্রতিষ্ঠানের হিসাবে ৬৪৬ কোটি টাকা
অনুসন্ধানে কোকোলা ফুডের মালিকপক্ষের নিয়ন্ত্রণাধীন পাঁচ প্রতিষ্ঠানের ১৯টি ব্যাংক হিসাবে মোট ৬৪৬ কোটি ১ লাখ ৩০ হাজার ৯৬১ টাকা জমা হওয়ার তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। এসব অর্থকে বিক্রির আয় ধরে ১৫ শতাংশ হারে ৯৬ কোটি ৯০ লাখ ১৯ হাজার ৬৪৪ টাকা ভ্যাট অনাদায়ের হিসাব করা হয়েছে।
এর মধ্যে ইউনিক ট্রেডার্সের নয়টি ব্যাংক হিসাবে জমা হয়েছে ৪৪৪ কোটি ১৬ লাখ ৯৮ হাজার ৬৪৬ টাকা। এর বিপরীতে অনাদায়ী ভ্যাটের পরিমাণ ৬৬ কোটি ৬২ লাখ ৫৪ হাজার ৭৯৬ টাকা।
এনএস করপোরেশনের পাঁচটি হিসাবে জমা হয়েছে ২৯ কোটি ৫৩ লাখ ৪৮ হাজার ১১৪ টাকা। এর বিপরীতে অনাদায়ী ভ্যাট ৪ কোটি ৪৩ লাখ ২ হাজার ২১৭ টাকা।
বিসমিল্লাহ ট্রেডিংয়ের দুটি হিসাবে ৫১ কোটি ৩৮ লাখ ৬ হাজার ৪৮২ টাকা জমার বিপরীতে ভ্যাট ফাঁকির পরিমাণ ৭ কোটি ৭০ লাখ ৭০ হাজার ৯৭২ টাকা। সুভানী করপোরেশনের দুটি হিসাবে জমা হয়েছে ১০৩ কোটি ৮১ লাখ ৯১ হাজার ৫৬৯ টাকা। এর বিপরীতে অনাদায়ী ভ্যাট ১৫ কোটি ৫৭ লাখ ২৮ হাজার ৭৩৫ টাকা।
অন্যদিকে, মিঞা ফিশারিজ অ্যান্ড ডেইরির একটি হিসাবে জমা হয়েছে ১৭ কোটি ১০ লাখ ৮৬ হাজার ১৫০ টাকা। এর বিপরীতে ২ কোটি ৫৬ লাখ ৬২ হাজার ৯২৩ টাকা ভ্যাট ফাঁকির তথ্য পাওয়া গেছে।
অস্তিত্বহীন প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ সরানোর অভিযোগ
তদন্তকারীদের ভাষ্য, সংশ্লিষ্ট ঠিকানাগুলোতে সরেজমিনে গিয়ে কোনো প্রতিষ্ঠানের কার্যক্রমের অস্তিত্ব পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, কোকোলা ফুডের বিক্রির অর্থ সহযোগী প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবে স্থানান্তরের মাধ্যমে রাজস্ব ফাঁকির কৌশল নেওয়া হয়েছিল।
একই মালিকানা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে আটটি প্রতিষ্ঠানের মধ্যে সাতটিকে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করেছে গোয়েন্দা সংস্থা।
প্রতিবেদনে মূল প্রতিষ্ঠান ও সহযোগী সংস্থাগুলোর বিরুদ্ধে পৃথক মামলা, দাবিনামা জারি এবং মালিকপক্ষের ব্যাংক হিসাব জব্দের সুপারিশ করা হয়েছে। এনবিআর জানিয়েছে, মামলা হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট নথি গাজীপুর ভ্যাট কমিশনারেটে পাঠানো হয়েছে।
বক্তব্য মেলেনি কোকোলা ফুডের
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কোকোলা ফুডের পরিচালক মো. আবু সাঈদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। ফোনে সাড়া না পাওয়ায় হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তিনি প্রথমে কোনো জবাব দেননি।
পরে লিখিত প্রতিক্রিয়ায় তিনি প্রশ্ন করেন, ‘কে দিসে এই খবর? চিলে কান নিয়া গেছে?’
এরপর তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে আর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: কালের কণ্ঠ
