মাদারীপুরে কারখানায় অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা

মাদারীপুর সদর উপজেলার পুরাতন বিসিক এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই ২০২৬) জেলা প্রশাসন, মাদারীপুর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিল্লাত হোসেন। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মাদারীপুরের নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম এবং আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিলেন।

অভিযানকালে পুরাতন বিসিক এলাকার রাজধানী বেকারি নামের প্রতিষ্ঠানের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, নিম্নমানের খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার, পচা ডিম সংরক্ষণ, নোংরা পরিবেশে উৎপাদন কার্যক্রম, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, কীটপতঙ্গ দমনের ব্যবস্থা না থাকা, সব পণ্যের বাধ্যতামূলক নিবন্ধন না থাকা, কেক তৈরিতে ব্যবহৃত রঙিন কাগজ ও ফ্লেভারের প্রয়োজনীয় সনদ প্রদর্শনে ব্যর্থতা, মেঝেতে খাদ্যসামগ্রী রাখা, রশিদ ও লেবেলবিহীন রাসায়নিক ব্যবহার এবং কাঁচামাল ক্রয়-বিক্রয় সংক্রান্ত চালান প্রদর্শনে ব্যর্থ হওয়ার প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধের দায় স্বীকার করায় প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং তা আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া তালহা ফুড প্রোডাক্ট-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে সন্তোষজনক পরিবর্তন না হলে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী মামলা দায়ের করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সূত্র: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ