নকল প্রসাধনের কারখানায় অভিযান, ৬ ট্রাক বোতল-সরঞ্জাম জব্দ

ঢাকার নয়াবাজারে নামিদামি দেশি-বিদেশি ব্র্যান্ডের নকল প্রসাধনসামগ্রী তৈরির একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে প্রায় ছয় ট্রাক খালি বোতল ও উৎপাদন সরঞ্জাম জব্দ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। পরে কারখানাটি সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর বংশাল এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১১ (এপিবিএন)-এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার।

বিএসটিআই সূত্রে জানা যায়, নয়াবাজারের ৪০ নম্বর ফ্রেঞ্চ রোডে একটি নামবিহীন অবৈধ প্রসাধনসামগ্রী তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। অভিযান পরিচালনার সময় কারখানার সংশ্লিষ্টরা বিষয়টি টের পেয়ে পালিয়ে যান। পরে আলামত উদ্ধারের জন্য তালা ভেঙে কারখানার ভেতরে প্রবেশ করেন অভিযানের কর্মকর্তারা।

অভিযানে কারখানা থেকে দেশি-বিদেশি বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নকল শ্যাম্পু, ফেসওয়াশ, বডি লোশন ও বেবি লোশনসহ বিভিন্ন প্রসাধনসামগ্রীর বিপুল পরিমাণ খালি বোতল পাওয়া যায়। এসব পণ্য নকল করে বাজারজাত করার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা সামগ্রীর পরিমাণ প্রায় ছয় ট্রাক বলে জানিয়েছে বিএসটিআই।

অভিযান শেষে অবৈধ কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

বিএসটিআই জানিয়েছে, নকল ও মানহীন প্রসাধনসামগ্রী মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। জনস্বার্থে এ ধরনের অবৈধ উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে বিএসটিআই ঢাকার ফিল্ড অফিসার (সিএম) ফারদিন ইসলাম এবং পরীক্ষক (মেট্রোলজি) মো. রাশেদ আহমেদ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

সূত্র: বিএসটিআই

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ