কাঁচা মাংসের সঙ্গে বাসি রান্না করা মাংস, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে কাঁচা মাংসের সঙ্গে বাসি ও রান্না করা মাংস সংরক্ষণ এবং মূল্য তালিকা না রেখে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে চাঁদপুরের কোর্ট স্টেশন এলাকা ও লঞ্চঘাটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযান সূত্রে জানা যায়, কোর্ট স্টেশন এলাকার মেসার্স ঢাকা হোটেলে বাসি গ্রিল, চাপ ও রান্না করা মাংস বিক্রির জন্য কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল। এতে কাঁচা ও রান্না করা মাংসের মধ্যে জীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়। বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘন হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, চাঁদপুর লঞ্চঘাটে ‘আব এ জম জম-৭’ লঞ্চের ক্যান্টিনে মূল্য তালিকা প্রদর্শন না করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত পানি ও চিপস বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে ক্যান্টিনের ম্যানেজার মো. নজরুলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্টরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবেন না বলে অঙ্গীকার করেন।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম সহযোগিতা করেন।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে অনিয়ম নিয়ন্ত্রণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ