মার্জারিন কারখানায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে একটি প্রতিষ্ঠানের মালিকপক্ষকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) চট্টগ্রামের সুলতান কলোনি, আগ্রাবাদে ‘কোয়ালিটি ফুড প্রোডাক্টস লিমিটেড’ নামের মার্জারিন উৎপাদনকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানে মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে ভেজাল মার্জারিন উৎপাদনসহ বিভিন্ন অসঙ্গতি পাওয়া যায়। এসব অপরাধের কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ও ৩৯ ধারায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে চার লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারী এবং ডবলমুরিং থানা, সিএমপি, চট্টগ্রামের একটি দল সার্বিকভাবে সহযোগিতা করে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সূত্র: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ