
ঢাকা মহানগরসহ দেশের ৩২ জেলায় বাজার তদারকি করে ৮০টি প্রতিষ্ঠানকে মোট ৮ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে এ বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। অধিদপ্তরের ৬১টি টিম এসব অভিযানে অংশ নেয়।
অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন, ওজন ও পরিমাপে কারচুপি প্রতিরোধ, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি বন্ধ এবং নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রি রোধে বিভিন্ন বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযান শেষে ৮০টি প্রতিষ্ঠানকে ৮ লাখ ১৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়াতে অভিযানের সময় লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। পাশাপাশি হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
বাজার তদারকিতে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।
ভোক্তাদের প্রতি অধিদপ্তরের পরামর্শ
পণ্য কেনার আগে মূল্যতালিকা যাচাই করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। একই সঙ্গে পণ্যের সঠিক ওজন ও পরিমাপ বুঝে নেওয়ার পাশাপাশি সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি), উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে খাদ্য, পণ্য বা ওষুধ কেনার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া মিথ্যা ও প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে সতর্ক থাকা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম না দেওয়ার জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সূত্র: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর
