
বাজার থেকে টাটকা কলা কিনে আনার কয়েক দিনের মধ্যেই অনেক সময় তা নরম হয়ে পচে যায়। তবে সঠিকভাবে সংরক্ষণ করলে কলা তুলনামূলক বেশি সময় সতেজ রাখা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, কলা ঝুড়িতে গাদাগাদি করে না রেখে ঝুলিয়ে রাখলে এর চারপাশে বাতাস চলাচল করে এবং পাকার গতি কিছুটা কমানো যায়।
কলার দ্রুত পেকে যাওয়ার পেছনে বড় ভূমিকা রয়েছে ইথিলিন গ্যাসের। এই গ্যাসকে ফল পাকানোর হরমোনও বলা হয়। কলা যত পাকতে থাকে, তত বেশি ইথিলিন তৈরি করে। আবার এই গ্যাসই পাকার প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করে। ফলে একটি কলা নষ্ট হতে শুরু করলে পাশের কলাগুলোও দ্রুত পেকে যেতে পারে।
কলা ঝুলিয়ে রাখবেন কেন?
কলা ঝুলিয়ে রাখলে চারপাশে বাতাস চলাচলের সুযোগ থাকে। এতে কলা থেকে নির্গত ইথিলিন গ্যাস সহজে ছড়িয়ে যায়। অন্যদিকে ঝুড়ি বা বদ্ধ জায়গায় অনেক কলা একসঙ্গে রাখলে গ্যাস জমে পাকার গতি বাড়তে পারে।
এ ছাড়া ঝুলিয়ে রাখলে কলায় ধাক্কা বা চাপ লাগার আশঙ্কাও কমে। কলায় সামান্য আঘাত বা দাগ লাগলেও ভেতরে ক্ষত প্রতিক্রিয়া শুরু হতে পারে এবং ইথিলিন গ্যাসের উৎপাদন বেড়ে যেতে পারে। এতে কলা দ্রুত নরম হয়ে যায়।
বোঁটা ঢেকে রাখুন
বড় কাঁদি থেকে কলার ছড়া আলাদা করার সময় বোঁটার অংশে কাটা দাগ তৈরি হয়। এই অংশ দিয়েও ইথিলিন গ্যাস বের হতে পারে। এ কারণে দোকানে অনেক সময় কলার মাথায় পলিথিন মোড়ানো দেখা যায়।
বাড়িতে আনার পর কলার বোঁটার অংশে পলিথিন পেঁচিয়ে রাখলেও গ্যাস নির্গমন কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব।
ফ্রিজে রাখা কেন ঠিক নয়?
কলা গ্রীষ্মমণ্ডলীয় ফল হওয়ায় অতিরিক্ত ঠান্ডা পরিবেশে ভালো থাকে না। ফ্রিজে রাখলে কলার খোসা দ্রুত কালচে হয়ে যেতে পারে এবং সময়ের সঙ্গে ভেতরের অংশও নরম হয়ে যায়।
বিশেষজ্ঞদের মতে, কলা সাধারণ ঘরের তাপমাত্রায় রাখাই ভালো। কলা সংরক্ষণের জন্য প্রায় ১৩ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপযোগী।
তাই কলা কয়েক দিন বেশি টাটকা রাখতে চাইলে ঝুড়িতে গাদাগাদি করে না রেখে ঝুলিয়ে রাখা যেতে পারে। পাশাপাশি কলায় আঘাত লাগা এড়িয়ে চলা এবং বোঁটার অংশ ঢেকে রাখার মাধ্যমে কলার সতেজতা আরও কিছুদিন ধরে রাখা সম্ভব।
