
ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় বাজার তদারকি অভিযান চালিয়ে ১২টি প্রতিষ্ঠানকে মোট ৫৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (২২ আগস্ট) ঢাকা মহানগরসহ দেশের চারটি জেলায় অধিদপ্তরের ছয়টি টিম এসব অভিযান পরিচালনা করে। অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন, ওজন ও পরিমাপে কারচুপি প্রতিরোধ, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি বন্ধ এবং নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রি প্রতিরোধে বিভিন্ন বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান তদারকি করা হয়।
তদারকির সময় অনিয়মের দায়ে ১২টি প্রতিষ্ঠানকে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তাদের পণ্য কেনার আগে মূল্যতালিকা যাচাই, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত এবং পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে পণ্য ও ওষুধ কেনার পরামর্শ দিয়েছে।
এ ছাড়া মিথ্যা ও প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে সতর্ক থাকার পাশাপাশি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য না কেনার জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছে অধিদপ্তর।
জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সূত্র: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর
