কক্সবাজারে খাদ্য কারখানায় অভিযান, বনফুলকে লাখ টাকা জরিমানা

কক্সবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও খাদ্যপণ্য যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগে ‘বনফুল এন্ড কোং’ নামে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২২ আগস্ট) কক্সবাজার সদর উপজেলার বিসিক শিল্প এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযান সংশ্লিষ্টরা জানান, কারখানায় খাদ্য উৎপাদন ও সংরক্ষণের পরিবেশ স্বাস্থ্যসম্মত ছিল না। এ ছাড়া উৎপাদিত খাদ্যপণ্য যথাযথভাবে ঢেকে রাখা হয়নি। খাদ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল এবং সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্রও কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে পারেনি প্রতিষ্ঠানটি।

এসব অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেন। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান নাঈম। অভিযানের সার্বিক সমন্বয় করেন কক্সবাজার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য।

এ সময় সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক জহর লাল পাল, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং আনসারের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ভেজাল ও অনিরাপদ খাদ্য উৎপাদন ও বিক্রি প্রতিরোধ এবং জনসাধারণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ