
ঢাকা মহানগরসহ দেশের ৪৫টি জেলায় বাজার তদারকি করে ১০৪টি প্রতিষ্ঠানকে মোট ১২ লাখ ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২৩ আগস্ট) অধিদপ্তরের ৬৯টি টিম এসব বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন, ওজন ও পরিমাপে কারচুপি প্রতিরোধ, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি বন্ধ এবং নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রি রোধে বিভিন্ন বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
অভিযানে ১০৪টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
বাজার তদারকিতে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।
অধিদপ্তর ভোক্তাদের পণ্য কেনার আগে মূল্যতালিকা যাচাই, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত এবং পণ্যের সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি), উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে কেনার পরামর্শ দিয়েছে। পাশাপাশি মিথ্যা ও প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে সতর্ক থাকতে এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম না দিতে বলা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সূত্র: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর
