
ভারতের মধ্যপ্রদেশের ছাতারপুর জেলার একটি গ্রামে বেগুন ভর্তা ও রুটি খাওয়ার পর তিন বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত না হওয়ায় তদন্তের স্বার্থে দাফন করা মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের উদ্যোগ নিয়েছে প্রশাসন।
রবিবার (২৩ আগস্ট) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ছাতারপুর জেলার ইসানগর থানার পিপোরা খুর্দ গ্রামে ঘটনাটি ঘটে। নিহত তিন বোন হলো: সাত বছর বয়সী পুনম, তিন বছর বয়সী মনীষা এবং নয় মাস বয়সী চাহাত।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মৃত্যুর আগের রাতে তিন বোন বেগুন ভর্তা ও রুটি খেয়েছিল। তবে ওই খাবারের সঙ্গে তাদের মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা।
পুলিশ জানতে পারে, পরিবারের পক্ষ থেকে পুলিশকে না জানিয়েই এবং ময়নাতদন্ত ছাড়াই তিন শিশুর মরদেহ দাফন করা হয়েছে। পরে স্থানীয় পুলিশ ও চিকিৎসকদের একটি দল গ্রামে গিয়ে দাফনের স্থান পরিদর্শন করে।
ছাতারপুরের প্রধান স্বাস্থ্য ও চিকিৎসা কর্মকর্তা আরপি গুপ্তা জানান, বিষয়টি জানার পরপরই তিনি একটি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ, রাজস্ব বিভাগ এবং ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির দলকেও বিষয়টি জানিয়ে ঘটনাস্থলে ডাকা হয়।
তিনি জানান, তিন বোনের মৃত্যুর পেছনের পরিস্থিতি এবং মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে বিভিন্ন দল কাজ করছে। পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুরা অসুস্থ হওয়ার আগে ও পরে কী ঘটেছিল, সেই ঘটনাক্রমও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মরদেহের ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এবং এরপর প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
