বাসি তরকারি খেয়ে গৃহবধূর মৃত্যু; হাসপাতালে আরও ৩ জন

বগুড়ার ধুনটে রান্না করা বাসি তরকারি দিয়ে ভাত খাওয়ার পর খাবারের বিষক্রিয়ায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

রবিবার (২৩ আগস্ট) রাতে ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মরিজতলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে গৃহবধূ শাহিনুর বেগম (৪০) মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ৯টার দিকে মরিজতলা গ্রামের সাইফুল ইসলাম (৫০), তার স্ত্রী শাহিনুর বেগম, মেয়ে সাথী খাতুন (২৩) ও জামাই সুমন মিয়া (২৫) কবুতরের মাংস ও পাঙাশ মাছের রান্না করা তরকারি দিয়ে ভাত খান। খাওয়ার পর অবশিষ্ট তরকারি একটি পাতিলে রেখে দেওয়া হয়।

পরদিন সকালে পরিবারের সদস্যরা আবার ওই তরকারি দিয়ে ভাত খান। খাবার খাওয়ার কিছুক্ষণ পর চারজনেরই পেটে ব্যথা শুরু হয়। পরে তাদের ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়।

অসুস্থ অবস্থায় চারজনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১১টার দিকে শাহিনুর বেগমের মৃত্যু হয়।

ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ কাদির বলেন, খাবারের বিষক্রিয়ার উপসর্গ নিয়ে চারজনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খাবারের বিষক্রিয়ায় একজনের মৃত্যুর ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ কারণে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ